Sylhet Today 24 PRINT

সিলেটে ডেঙ্গু প্রতিরোধ ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালা সম্পন্ন

সিলেট সিটি কর্পোরেশন ও সীমান্তিক\'র যৌথ উদ্যোগ

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০১৯

সিলেট সিটি কর্পোরেশন ও বেসরকারী উন্নয়নমূলক সংস্থা সীমান্তিক'র যৌথ আয়োজনে আজ আয়োজন করা হয় ডেঙ্গু প্রতিরোধ ও আমাদের করণীয় শীর্ষক কর্মশালার। উপশহরস্থ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির- সীমান্তিক কমপ্লেক্সে বিকাল ৩টায় আয়োজন করা হয় এই কর্মশালার। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন'র প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী এবং প্রধান আলোচক ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সীমান্তিক'র মহাসচিব শামীম আহমদ।
 
কর্মশালার শুরুতেই শোকবহ মাস আগস্টে জাতির পিতাসহ নিহত পরিবার বর্গের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক মোঃ পারভেজ আলম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির।

প্রধান আলোচক সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম ডেঙ্গু জ্বর এর লক্ষণ ও এর প্রতিকার নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তব্যের পরপরই অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য রাখেন সীমান্তিক এর ভাইস চেয়ারপার্সন সাজনা সুলতানা।

এরপর বক্তব্য রাখেন সীমান্তিকের মহাসচিব ও কর্মশালার সভাপতি জনাব শামীম আহমদ।

এতে বক্তারা বলেন, এই মুহুর্তে ডেঙ্গু জ্বর মহামারির আকার ধারন করেছে। প্রায় প্রতিদিনই নতুন রোগী আক্রান্ত এবং কোন না কোন রোগীর মৃত্যুসংবাদ আসছে। সিলেট সিটি কর্পোরেশন ময়লা আবর্জনা নিস্কাশনে নিরবিচ্ছন্ন কাজ করে যাচ্ছে। ইতমধ্যে সকলের ছুটি বাতিল করে পূর্ণোদ্যোমে কাজ শুরু হয়েছে। বক্তারা নিজ নিজ বসতবাড়ির আশ পাশ পরিস্কার পরিচ্ছন্ন রেখে সিটি কর্পোরেশনকে সহযোগিতার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। বক্তারা আরোও বলেন এই মুহুর্তে সকলের ঐকান্তিক প্রচেষ্ঠা ও সম্মিলিত সহযোগিতাই পারে ডেঙ্গু জ্বরের মহামারি রোধ করতে।

কর্মশালায় সীমান্তিকের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মী, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ উপিস্থত ছিলেন। উল্লেখ্য যে, ইতমধ্যে সীমান্তিক আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় সম্পর্কে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।

কর্মশালার সভাপতি শামীম আহমদ সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং ডেঙ্গু জ্বর প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.