Sylhet Today 24 PRINT

দারিদ্র বিমোচনই আমাদের প্রধান লক্ষ্য: উপাধ্যক্ষ আব্দুস শহীদ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দারিদ্র বিমোচনে মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মা’দের জন্য স্বপ্ন প্যাকেজ কর্মসুচীর আওতায় ‘অংশীদারী সম্পদ হস্তান্তর’ করনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডরপ্ এর সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন প্যাকেজের প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ মান্নান, ইউপি চেয়ারম্যানসহ আরো অনেকে।

প্রধান অতিথি বক্তব্যে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ বলেন, আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দারিদ্য বিমোচন। ২০১৫ সালে আমাদের দারিদ্রের হার ২৬ শতাংশে নিয়ে আসার অঙ্গীকার ছিল। তার থেকে আমরা আরো বেশি শতাংশ দারিদ্র বিমোচন করতে সক্ষম হয়েছি। এটা একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলেই সম্ভব হয়েছে। আগামীতে দারিদ্যতা আরো নিচে নামিয়ে আনতে পারবো। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

পরে স্বপ্ন প্যাকেজের আওতায় ৮জন মা’দের সাড়ে ৫ বান্ডিল টিন ও ৬জনকে গরু বিতরন করা হয়। সাথে করে স্বাস্থ্য সম্মত বাথরুম তৈরি করার সামগ্রী বিতরন করা হয়।

এদিকে ২০১৪-১৫ অর্থবছরে ‘মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় অতিদরিদ্র দুঃস্থ ও কালবৈশাখী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে বিনামুল্যে ঢেউ টিন গৃহ নির্মান মঞ্জুরীর চেক জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন। এসময় শ্রীমঙ্গল উপজেলায় ৮২জনকে ৯৩ বান্ডিল টিন ও প্রত্যেকে ৩ হাজার টাকার করে ২লক্ষ ৭৯ হাজার টাকা বিতরন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.