Sylhet Today 24 PRINT

ঝাড়ু হাতে ছাতক শহর পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

ছাতক প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে শহরকে পরিচ্ছন্ন করতে ঝাড়ু হাতে নিয়ে অভিযানে নামলেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সকালে শহর পরিচ্ছন্ন করতে উপজেলার ছাতক সরকারি বহুমুখী মডেল হাই স্কুল, এসপিপিএম উচ্চ বিদ্যালয়, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝাড়ু, বেলচা, টুকরিসহ বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে শহরের উপজেলা পরিষদ চত্বর, কোর্ট রোড, হাসপাতাল এলাকা, ছাতক কলেজ রোড ও শহীদ মিনার এলাকা পরিচ্ছন্ন করেছে শিক্ষার্থীরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্কাউটের অর্থায়নে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে গণসচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, ছাতক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, স্যানেটারি ইন্সপেক্টর হিরন মিয়া, স্কাউট শিক্ষক দেলোয়ার হোসেন খান, তমাল পোদ্দারসহ পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ছাতক পৌরসভা উদ্যোগেও শহর পরিচ্ছন্ন করা হয়েছে। গোবিন্দগঞ্জ কলেজ, গোবিন্দগঞ্জ হাইস্কুল, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা, এলঙ্গি মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের আঙ্গিনাসহ আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.