Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বিদেশ পাঠানোর কথা বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

সেলিম আহমেদ, কুলাউড়া |  ২৫ আগস্ট, ২০১৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে মধ্যপ্রাচ্যের ওমান নেয়ার কথা বলে এক প্রতারক হাতিয়ে নিয়েছে ৬০ লক্ষাধিক টাকা। মঙ্গলবার এই প্রতারকের শাস্তি দাবি করে প্রতারণার শিকার ২৫ জন ব্যক্তি কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, ফেনীর ছাগলনাইয়া থানার দক্ষিণ সাতরা গ্রামের নুর আলমের পুত্র আবুল কালাম (৩৬) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নেরখারপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে মিলি বেগমকে বিয়ে করে শ্বশুড়বাড়ী বসতি গড়ে। বিয়ের পর এলাকার লোকজনের সাথে সখ্যতা গড়ে তোলে। সেই সুযোগে নিজেকে একজন প্রবাসী এবং মধ্যপ্রাচ্যের ওমানে লোক পাঠানোর কথা বলে প্রচারণা চালায়। তার কথায় বিশ্বাস করে ওমান যাওয়ার আশায় স্থানীয় বাসিন্দা ভাটেরার নোয়াগাঁও গ্রামের সৈয়দ মতিন মিয়ার কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা নেয়।

গত ১০ আগস্ট আবুল কালাম ওমান যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেয় সৈয়দ মতিন মিয়ার হাতে। তিনি গত ২২ আগস্ট পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে ওমানে যাওয়ার জন্য হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে যান। বিমান বন্দরের ভেতরে ইমিগ্রেশনে কাগজপত্র জমা দেয়ার পর তা প্রত্যাখ্যাত হয়। কাগজপত্র সব ভুয়া বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এদিকে বিমান বন্দর থেকে ফিরে বাড়িতে এসে খোঁজ নিয়ে জানতে পারেন ভিসাদাতা আবুল কালাম এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। এলাকায় বিষয়টি জানাজানি হলে এভাবে একে একে আরও ২৫ জন লোক প্রতারিত হওয়ার খবর পাওয়া যায়। আবুল কালামের নামীয় ভাটেরা পূবালী ব্যাংকে একাউন্ট জব্দ করার জন্য ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যানের সুপারিশসহ ভুক্তভোগীরা ব্যাংকেও আবেদন করেন।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান জানান, বর্তমানে তার ব্যাংক একাউন্ট জব্দ করার জন্য ব্যাংকে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.