Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় পলাশ হত্যা: মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুলাউড়া প্রতিনিধি |  ০৪ আগস্ট, ২০১৯

কুলাউড়ার সদর ইউনিয়নের স্কুলছাত্র পলাশ হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবিতে রোববার (৪ আগস্ট) স্থানীয় জনতা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের মানুষ একাত্মতা পোষণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পলাশ হত্যাকাণ্ডের সাথে জড়িত রাহেল আহমদ, জাহেদ আলী ও তার পিতা মিরজান আলী পুলিশের হাতে আটক হলেও এ ধরণের নির্মম হত্যাকাণ্ডের দায়ে তাদের ফাঁসির দাবি জানান। হত্যাকারী পরিবার এলাকায় খারাপ লোক হিসেবে চিহ্নিত। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহানের সভাপতিত্বে ও সাবেক মেম্বার আব্দুল জলিলের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন শিক্ষক ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ, যুগান্তর কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলাম, প্রভাষক আফাজুর রহমান চৌধুরী, ইউপি সদস্য ছালিক আহমদ, জমশেদ আলী, মহিলা ইউপি সদস্য বৃন্দা রানী গোয়ালা, ব্যবসায়ী আজিজুর রহমান, ছাত্রনেতা জীবন রহমান, সালাউদ্দিন আল সালোক, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।

মানববন্ধনে নিহত স্কুল ছাত্র পলাশ শব্দকরের বাবা পরিমল শব্দকর ও পলাশের মা উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পরিমল শব্দকর তার বক্তব্যে বলেন, ঘাতকদের সাথে আমার বা আমার ছেলের কোন বিরোধ ছিল না। তারপরও তারা আমার ছেলেকে হত্যা করেছে। আর যেন এভাবে কোন মায়ের বুক খালি না হয়। তিনি হত্যাকারীদের ফাঁসি চান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.