Sylhet Today 24 PRINT

বড়লেখায় দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি |  ০৫ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় সোমবার (৫ আগস্ট) দুপুরে ইসলাম উদ্দিন নামে এক দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের লাল মিয়ার পুত্র।

এদিকে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধারের পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দিনমজুর ইসলাম উদ্দিন (২৭) শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার সকালে দা ও টিফিন নিয়ে পাহাড়ে কাজ করতে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয়রা উত্তর ডিমাই এলাকায় মোল্লাটিলা নামক স্থানে একটি উঁচু গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.