নিজস্ব প্রতিবেদক | ০৬ আগস্ট, ২০১৯
১৯১৯ সালের নভেম্বরে সিলেট সফরে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সে হিসেবে এ বছর রবীন্দ্রনাথের সিলেট সফরের শতবর্ষ পূর্ণ হচ্ছে। এই উপলক্ষ্যকে বর্ণাঢ্যভাবে পালনে সিলেটে ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সিলেটের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠন করা হয়েছে ‘সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব’ কমিটি।
নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উৎসবের উদ্বোধন করার কথা। তার আগে গত ৩ জুলাই এই উৎসবের লগো উন্মোচন করা হয়। তবে বর্ণাঢ্য এই আয়োজন নিয়ে শুরুতেই দেখা দিয়েছে সমালোচনা।
লগো উন্মোচন অনুষ্ঠান নিয়েই সমালোচনা শুরু হয়। এমন ব্যাপক একটি আয়োজনের লগো মাননসই হয়নি বলে মনে করেন অনেকে। সিলেটের সাংস্কৃতিক কর্মীসহ নাগরিকদের অনেকে লগো বাছাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেন। এছাড়া লগো উন্মোচন অনুষ্ঠানেও অব্যবস্থাপনার ছাপ ছিলো বলে জানিয়েছেন সেখানে উপস্থিত অনেকে।
এমন অব্যবস্থাপনার জন্য ওই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ম্যানেজমেন্ট কন্সালটেন্ট সলিউন’কে দায়ী করেছেন আয়োজকরা। একারণে ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করা হয়েছে বলেও দাবি তাদের।
যদিও ইভেন্ট ম্যানজেমন্ট প্রতিষ্ঠান বলছে, উৎসবের লগো্ নির্বাচনসহ অনুষ্ঠানের সবকিছু আয়োজকদের পরামর্শ করেই করা হয়েছে। তাদের সাথে চুক্তি বাতিল হয়নি বলেও দাবি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।
তবে বিশাল আকৃতির একটি কমিটি গঠনের পরও লগো উন্মোচন অনুষ্ঠান ইভেন্ট ম্যানজেমন্ট প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাছাড়া রবীন্দ্র চর্চার সাথে সম্পৃক্ত অনেককে বাদ দিয়েই রবীন্দ্রনাথের সিলেট সফরের শতবর্ষ আয়োজনের এই কমিটি গঠনের অভিযোগ ওঠেছে। বিশাল এই আয়োজনের বাজেট নিয়েও প্রশ্ন রয়েছে অনেকের।
আয়োজক সূত্রে জাানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফরের শতবর্ষ পূর্তি উপলক্ষে আগামী ৮ ও ৯ নভেম্বর সিলেটে দু'দিনের স্মরণোৎসব করা হবে। প্রমদিনে এই উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দুইবাংলার রবীন্দ্র গবেষক ও বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আহ্বায়ক ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সদস্য সচিব করে ‘সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব’-এর কমিটি গঠন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনকে এই কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
এসব ব্যাপারে স্মরণোৎসব কমিটির সদস্য সচিব সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুষ্ঠানের বাজেট এখনও চুড়ান্ত হয়নি। সব উপ কমিটির কাছে তাদের বাজেট চাওয়া হয়েছে। এগুলো পেলে পুরো অনুষ্ঠানের বাজেট চুড়ান্ত করা হবে। এরপর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এই বাজেট সংগ্রহ করা হবে।
তিনি বলেন, অনুষ্ঠানের লগো নির্বাচন ও লগো উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলো ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। আমরা তাদের আয়োজনে সন্তুষ্ট হতে পারিনি। তাই তাই ইভেন্ট ম্যানেজম্যন্টের দায়িত্বে থাকা ‘ম্যানেজমেন্ট কন্সালটেন্ট সলিউন’ এর সাথে চুক্তি বাতিল করা হয়েছে।
আরিফুল হক বলেন, আগে তাড়াহুড়োর কারণে ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান নিয়োগে যথাযথ প্রক্রিয়া অণুসরণ করা সম্ভব হয়নি। এবার মূল অনুষ্ঠানের জন্য আমরা দরপত্রের মাধ্যমে ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান নিয়োগ করবো।
তবে চুক্তি বাতিল হওয়া বা এ ধরনের কোনো বিষয় নিয়ে এখনো আয়োজকদের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানান ‘ম্যানেজমেন্ট কন্সালটেন্ট সলিউন’ এর সংশ্লিষ্টরা।
‘ম্যানেজমেন্ট কন্সালটেন্ট সলিউন’ এর চিফ অপারেটিং অফিসার প্রিবেল পাল বলেন, ‘সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব’-এর লগো উন্মোচন অনুষ্ঠানে আমরা যা আয়োজন করেছি তার সব আয়োজক কমিটির মাধ্যমে করেছি। তাদের সম্মতি নিয়ে সব করা হয়েছে। তাই আয়োজনে কেউ সন্তুষ্ট না হলে আমাদের কোনো দোষ নেই।
চুক্তি বাতিল নিয়ে তিনি বলেন, আয়োজকদের সাথে আমাদের চুক্তি বাতিল হয়নি। এমনকি এ নিয়ে কোনো কথাও হয়নি আমাদের সাথে। ‘সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব’-এর মূল অনুষ্ঠানের কাজ আমরাই করবো।