Sylhet Today 24 PRINT

হাকালুকিতে ইলিশ

রিপন দে, মৌলভীবাজার |  ০৬ আগস্ট, ২০১৯

বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি সিলেট ও মৌলভীবাজার জেলায় বিস্তৃত। বাংলাদেশের প্রধান চারটি ‘মাদার ফিশারিজ’ এর মধ্যে হাকালুকি হাওর অন্যতম। বিভিন্ন আকারের ২৭৬টি আন্তঃসংযুক্ত বিলের সমন্বয়ে গঠিত এই হাওরের আয়তন প্রায় ২৫ হাজার ১১৫ হেক্টর।

দেশের মিঠা পানির সর্ববৃহৎ এই জলাশয়ে চলতি মৌসুমে স্থানীয় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে উঠে আসছে বাঙালির অতিপ্রিয় ইলিশ। ২০১৬ সালসহ বিভিন্ন সময়ে এ হাওরে ইলিশ পাওয়া গেলেও তা ছিল হাতে গোনা। কিন্তু চলতি বছরে পূর্বের যেকোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সেই সাথে এত ইলিশ দেখে অবাক স্থানীয় জনগণ এবং মৎস্য বিভাগ।

সরেজমিনে হাকালুকি ঘুরে দেখা যায়, হাওরে প্রতিদিন ৫০-৬০টি জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। মাঝে মাঝে একেকটি টানে ২০ থেকে ৩০টা পর্যন্ত ইলিশ উঠে আসছে। তবে জেলেরা মৌখিকভাবে ইলিশ ধরার কথা স্বীকার করতে রাজি না, মাছ দেখাতেও রাজি না। তাদের ভয় ইলিশের কথা যত বেশী প্রচার হবে প্রশাসন বা সরকার কোনো পদক্ষেপ নিয়ে তাদের মাছ ধরা বন্ধ করে দিতে পারে।

হাকালুকির গৌড়কুড়ি বিলে স্থানীয় জেলেদের জালে একটি টানে দেখা মিলে প্রায় ৩০টির মত রূপালি ইলিশ, যার মধ্যে ৩শ গ্রাম থেকে ৬শ গ্রাম ওজনের ইলিশ রয়েছে। হাকালুকির হাওরের ইলিশ পাওয়া যাচ্ছে আশেপাশের বাজারগুলোতেও। আকার ভেদে এইসব ইলিশের দাম হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

স্থানীয় মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বিগত কয়েক বছর হাকালুকিতে ইলিশ ধরা পড়লেও এই বছরের মত এতো ইলিশ আগে কখনো দেখা যায়নি।

কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, মূলত তিনটি কারণে ইলিশ বেড়েছে।

প্রথমত সাগরের সাথে যে সব নদীতে ইলিশ পাওয়া যায় তাদের যোগসূত্র আছে মেঘনা ও পদ্মার সাথে। তেমনি এই সব নদীর সাথে সুরমা, কুশিয়ারার যোগসূত্র আছে। যেহেতু ইলিশের প্রজননের সময় পানি ছিল। তাই সুরমা, কুশিয়ারা নদী হয়ে ইলিশ হাকালুকি হাওরে ঢুকেছে।

দ্বিতীয়ত গত কয়েক বছর ধরে সরকার ইলিশ রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে এবং মাঠ পর্যায়ে এর কার্যক্রম চালাচ্ছে এর কারণে বেড়েছে ইলিশ। দেশে ইলিশ বেড়েছে বলেই হাকালুকিতেও ইলিশ মিলছে।

তৃতীয়ত মৎস্য বিভাগ বিগত কয়েক বছর ধরে তাদের সাফল্য ধরে রেখেছে। হাকালুকিতেও প্রতিবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মাছ উৎপন্ন হচ্ছে। এর কারণ সঠিক রক্ষণাবেক্ষণ। মাছ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য বিকল্প কার্যকরী পদক্ষেপ তারা নিচ্ছে।

মৎস্য বিভাগের ইতিবাচক ভূমিকার কারণেই হাকালুকি হাওর এখন মাছের জন্য নিরাপদ। তাই এই হাওরে ইলিশ অবস্থান নিতে পেড়েছে। তবে হাকালুকির ইলিশের স্বাদ ভিন্ন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.