গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৭ আগস্ট, ২০১৯
গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, এই শোকের মাসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলার এই শ্রেষ্ঠ সন্তান শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি সাধন করে গেছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীন জাতি হিসেবে আমরা স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতাকে উপলব্ধি করার জন্য শিক্ষার প্রয়োজন। যথাযথ শিক্ষা না থাকায় অতীতে অনেক জাতি তাদের স্বাধীনতাকে হারিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখতে হলে নতুন প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সামাজিক অবক্ষয় রোধে মেধাবীদের গুরু দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যায় কাজকে কখনো আমরা প্রশ্রয় দেব না। আমরা সর্বদা সত্যকে সত্য বলবো। আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।
সভাপতির বক্তব্যে মামুনুর রহমান উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ মেধাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কখনো মনে অহংকার পোষবে না। তোমরা প্রতিষ্ঠানের অহংকার হবে। তোমরা এমন কাজ করবে যাতে প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরা তোমাকে অনুসরণ ও তোমার সাথে প্রতিযোগিতা করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলার সুপারভাইজার আব্দুল হামিদ, সরকারি এমসি একাডেমীর অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল রেজাউল আমিন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারহান সাদিক মুয়াজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক কাজল কান্তি দাশ, মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ এবং জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।