Sylhet Today 24 PRINT

ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে: ডা. মোর্শেদ আহমদ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৯

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, আমরা অসচেতন হলে ডেঙ্গু ভয়াবহ আকার ধারন করবে। এজন্যে পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা ডেঙ্গু থেকে মুক্ত থাকতে পারি। ডেঙ্গু রোগ থেকে বাঁচতে হলে সবাইকে সম্মিলিতভাবে নিজের বসত-বাড়ি, কর্মস্থলসহ পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন  রাখতে হবে। সচেতনতা গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ডেঙ্গু রোধ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক র‌্যালি উদ্বোধনকালে তিনি একথা বলেন।

সিলেটের প্রথম সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু রোধ প্রতিরোধ বিষয়ক সচেতনতা সৃষ্টির জন্য ‘পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখি ডেঙ্গু থেকে মুক্ত থাকি’ ও ‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার’ এই স্লোগান নিয়ে চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয় অফিস প্রাঙ্গন থেকে র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার দু’ধারে মানুষ যানবাহন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রকাশিত ডেঙ্গু জ্বরের লক্ষণ ডেঙ্গু জ্বরে করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় অফিস ও পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় মশার ঔষধ স্প্রে করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক মো: নঈমুল হক চৌধুরী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মুমিনুল হক, সহকারী অধ্যাপক ডা: সৈয়দ আনোয়ারুল হক,সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরী, বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ আয়েশা বেগম, নর্থইষ্ট নার্সিং কলেজের অধ্যক্ষ গোল বদন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক সাইদুল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুস সবুর, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গোলাম সরওয়ার, সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.