Sylhet Today 24 PRINT

কোরবানির মাংস দিতে আসা প্রতিবেশী শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১

কুলাউড়া প্রতিনিধি |  ১৬ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি ইউনিয়নে পাশ্ববর্তী গ্রামে প্রতিবেশীর বাড়িতে কোরবানীর মাংস দিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে ৭ বছরের এক শিশুকন্যা।

ঈদের দিন ১২ আগস্ট সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরদিন ১৩ আগস্ট কুলাউড়া থানায় ওই শিশুর পিতা বাদি হয়ে একটি মামলা (নং ১৩) দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে মামলার অভিযুক্ত আসামি নওয়াব মিয়ার পুত্র জামাল মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঈদের দিন পাশ্ববর্তী গ্রামে প্রতিবেশী নওয়াব মিয়ার বাড়িতে কোরবানির মাংস দিতে যায় ওই শিশুকন্যা। এ সময় বাড়িতে থাকা নওয়াব মিয়ার পুত্র জামাল মিয়া ঘরে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার ও ধস্তাধস্তি শুরু করলে জামাল ভয়ে তাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে শিশুটি কান্নাকাটি শুরু করে এবং তার বড় বোন ও বাবাকে বিষয়টি খুলে বলে।

ধস্তাধস্তিতে শিশুটি আহত হওয়ায় প্রথমে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। পরে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। ওই শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কুলাউড়া উপপরিদর্শক কানাই লাল চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামাল মিয়াকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.