Sylhet Today 24 PRINT

অটোরিকশা চুরির সময় দেখে ফেলায় নগরীতে কিশোরকে হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ আগস্ট, ২০১৯

সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকার লালটিলা থেকে নাইম আহমেদ (১৫) নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নাইমের বন্ধু রুকন ও পারভেজ নামে দুজনকে আটক করেছে পুলিশ। অটোরিকশা চুরির সময় দেখে ফেলায় নাইমকে হত্যা করা হয় বলে আটককৃতদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নগরের শাহী ঈদগাহ এলাকার লালটিলা থেকে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ। নাইম বিয়ানীবাজার উপজেলার আলবান্না এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। পরিবারের সাথে বর্তামানে সে নগরের বালুচর এলাকার সোনাই মিয়ার কলোনিতে বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি নাইম। রাতে তার বাবা আব্বাস উদ্দিন বিমানবন্দর থানায় জিডি করেন। এর প্রেক্ষিতে নাইমের দুই বন্ধু রুকন ও পারভেজকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা নাইমকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্য মতে লালটিলা থেকে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তার সাথে থাকা অটোরিকশা এখানো উদ্ধার হয়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, নাইম বৃহস্পতিবার থেকে নিখোঁজ। তার বাবা বৃহস্পতিবার রাতেই থানায় জিডি করেন। এই জিডির সূত্র ধরে নাইমের দুই বন্ধু রুকন ও পারভেজকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা নাইমকে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা স্বীকার করে। তাদের তথ্য অনুযায়ী লালটিলা থেকে নাইমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য  লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাইমের সাথে থাকা অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, আটককৃত আব্দুর রুকন ও পারভেজ ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় অটোরিকশা চালক নাঈম আহমদ তা দেখে ফেলে। এসময় তারা নাঈম আহমদকে গামছা দিয়ে গলায় পেছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে আটককৃতরা স্বীকার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.