Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে মাইক্রো চালককে ছুরিকাঘাত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২১ আগস্ট, ২০১৯

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণবাজারে আভ্যন্তরীণ বিরোধের জের ধরে এক মাইক্রোবাস চালককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বিবদমান দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সম্প্রতি সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের স্থানীয় উপ-কমিটির সাধারণ সম্পাদকসহ তিনটি পদে উপ-নির্বাচন অনুষ্টিত হয়। এতে সংগঠনের জেলা পর্যায়ের এক প্রভাবশালী নেতার আশীর্বাদপ্রাপ্ত দুই প্রার্থী পরাজিত হন। নিজের পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় নতুন বিজয়ী শ্রমিক নেতাদের শপথ অনুষ্টান নানা কারণে পিছিয়ে দেয়া হচ্ছে। এর জের ধরে স্থানীয় শ্রমিকদের মধ্যে উত্তেজনা রয়েছে।

স্থানীয় উপ-কমিটির সভাপতি বিলাল উদ্দিন জানান, সংগঠনের সদস্য বাবলু আহমদ (৩৪) এর কাছে গাড়ি ভর্তি নিয়ে অপর পক্ষের কয়েকজন টাকা-পয়সা দাবী করে। কিন্তু বাবলু টাকা দিতে অপরাগতা জানালে পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়। এ ঘটনায় বাবলু আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ফরহাদ (২৫), আব্দুল হক (৪০), আব্দুল হান্নান (৩৫), মানিক (৩৮), সোহেল (২৮) ও আতিক (৩৫) এর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণী শংকর কর জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ আইনানুযায়ী ব্যবস্থা নিবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.