বিয়ানীবাজার প্রতিনিধি | ২৮ আগস্ট, ২০১৫
বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের কলেজ রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার সরকারি কলেজে মোটর সাইকেল পাকিং নিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিছবাহ গ্রুপের সজীবের সাথে ছাত্রদল মূলধারা গ্রুপের আবু সাঈদের বাগতিন্ডা ঘটে। এ নিয়ে উভয়পক্ষ কলেজ রোডে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ্ আল নোমান, ছাত্রদল কর্মী জাবেদ আহমদ ও সজীব আহত হন। আহতদের মধ্যে জাবেদকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আব্দুল্লাহ্ আল নোমানকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছুরিকাহত নোমান আহমদ পৌরসভার নয়াগ্রামের আবদুল মালিকের পুত্র এবং জাবেদ আহমদ সুপাতলা গ্রামের সামছুদ্দিনের পুত্র।
উপজেলা ছাত্রদল নেতা আব্বাস খান হাসান বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটেছে। বিষয়টি রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিছবাহ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।