মৌলভীবাজার প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০১৯
দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়া সেবামূলক বেসরকারি সংস্থা ক্যাপ ফাউন্ডেশন (কমিউনিটি এগেইন্সট পভার্টি) ৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০টি নৌকা বিতরণ করেছে।
এছাড়াও জেলার কমলগঞ্জ উপজেলায় গরীব ও অসহায় পরিবারকে সচ্ছল করতে ৬টি পরিবারকে ‘ক্যাপ ভিলেজ কর্নার শপ’ প্রজেক্টের আওতায় ৬টি দোকান কোটা ও দোকানের পণ্যসামগ্রী বিতরণ করেছে ক্যাপ ফাউন্ডেশন।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের বানেশ্রী গ্রামে কাওয়াদিঘীর হাওরে বসবাসরত অন্তেহরী, কাদিপুর, জুমাপুর, কালাইপুরা গ্রামের হতদরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য ‘ফিশ ফর লাইফ’ প্রজেক্টের আওতায় ৫০টি নৌকা ও মাছ ধরার সামগ্রী বিতরণ করা হয়।
আর্তমানবতার সেবায় নিয়োজিত, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত হচ্ছে ক্যাপ ফাউন্ডেশন। কাওয়াদিঘী হাওরে বসবাসরত দরিদ্র পরিবারগুলো তাদের পরিবারের জীবিকা নির্বাহের জন্য এই নৌকা ও মাছ ধরার সামগ্রী পেয়ে অনেক আনন্দিত।
নৌকা বিতরণে উপস্থিত ছিলেন ক্যাপ ফাউন্ডেশনের (ইউ.কে) সি.ই.ও আব্দুল নূর হুমায়ুন, ক্যাপ ফাউন্ডেশনের ট্রাস্টি এন্ড ট্রেজারার আলম রুফ, এম্বাসেডর মালিক মিয়া, রুহুল তরফদার, প্রজেক্ট কো অরডিনেটর দিলওয়ার হোসেন, অফিস ম্যানেজম্যান্ট জুয়েল মিয়া,কামরুল ইসলাম,জুবায়ের আলী, সুমন আহমদ, জসিম উদ্দিন, শামীম আহমদ ও লিলু হাসান ।
এসময় ক্যাপ ফাউন্ডেশনের ট্রাস্টি এন্ড ট্রেজারার আলম রুফ বলেন, অসহায় পরিবারকে সচ্ছল করতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ক্যাপ ফাউন্ডেশন। দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে পাড়লে এটাই আমাদের আনন্দ।