মাধবপুর প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০১৯
১ সেপ্টেম্বর মাধবপুরের ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করে পালন করা হবে জাতীয় পতাকা উৎসব।
শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাধবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ।
হবিগঞ্জ জেলার ১৪শত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা বিতরণ করে পালন করতে যাচ্ছে পতাকা উৎসব। এরই ধারাবাহিকতায় জেলার প্রত্যেকটি উপজেলার ন্যায় মাধবপুর উপজেলায়ও জাতীয় পতাকা উৎসব করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, জাতীয় পতাকার যথাযথ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ১০ফুট উচ্চ তার এস এস পাইপ দিয়ে সোজা করে জাতীয় পতাকা টানাতে হবে। কোন প্রতিষ্ঠানে বিবর্ণ, ময়লা যুক্ত, বাঁশ দিয়ে টানানো জাতীয় পতাকা দেখা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মতিউর রহমান খান, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, মো. আইয়ুব খান, সাব্বির হাসান, অলিদ মিয়া, মিজানুর রহমান, রাজীব দেব রায় রাজু, শামীম চৌধুরী, আবুল হোসেন সবুজ, সুব্রত দেব, আলমগীর কবির, হামিদুর রহমান প্রমুখ।