Sylhet Today 24 PRINT

ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার হবিগঞ্জের রোগীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৪ আগস্ট, ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল কালাম (৫৫) নামের এক বাবুর্র্চি।

শনিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল। আব্দুল কালাম চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উল্ল্যার ছেলে।

ইউএনও জানান, সপ্তাহখানেক পূর্বে ডেঙ্গু ভাইরাস সনাক্ত হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান কালাম।

মরদেহ বাড়িতে পৌঁছার পর বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদন হাসনাত চৌধুরী সনজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.