Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে কিশোরীকে ধর্ষণ, আটক ১

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৪ আগস্ট, ২০১৯

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৫) কোমলপানীয়ের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে মেয়েটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রিয়াজুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরীর (১৫) বাড়ি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামে। তার বাবা দিনমজুর। বৃহস্পতিবার দুপুরে মেয়েটি পাশের শেরমস্তপুর গ্রামে যাওয়ার জন্য একটি রিকশায় উঠলে একই সময়ে গ্রামের নবী হোসেনের ছেলে রিকশা চালক রিয়াজুল ইসলাম (১৮) জানায়, সেও ওই গ্রামে যাবে। পরে রিয়াজুল এবং মেয়েটি একই রিকশায় উঠে ওই গ্রামে যাওয়ার জন্য রওনা হয়। যাওয়ার সময় পথে রিয়াজুল ও রিকশার চালক রাসেল মিয়া তাকে কোমলপানীয় সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে মেয়েটির মা জানান, তার মেয়েকে রিয়াজুল ও রিকশার চালক রাসেল মিয়া কোমলপানীয় সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেছে। পরে তাকে সাচনাবাজারের একটি ওষুধের দোকানে নিয়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে তার রক্তক্ষরণ হলে শনিবার দুপুরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মেয়েটি হাসাপাতালে চিকিৎসাধীন আছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় শনিবার সন্ধ্যায় রিয়াজুল ইসলামকে আটক করা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.