Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আদিবাসী ইস্যু বিষয়ক অ্যাডভোকেসি সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ আগস্ট, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের যৌথ উদ্যোগে আদিবাসী ইস্যু বিষয়ক অ্যাডভোকেসি সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকালে শহরের মৌলভীবাজার সড়কের সনাক কার্যালয়ে অ্যাডভোকেসি সভায় সনাক সহসভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পাথমী। এসময় বক্তব্য দেন খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুছিয়াং, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহসভাপতি আনন্দ মোহন সিংহ প্রমুখ। সভার আগে মৌলভীবাজার সড়কে আদিবাসীদের ভাষা সংরক্ষণ ও চর্চার দাবীতে মানববন্ধন করেন তারা।

সভায় বক্তারা বলেন ভাষা, ধর্মাচার, পারিবারিক জীবন ব্যবস্থা সবকিছুতেই ভিন্নতা নিয়ে বসবাসকারী আদিবাসীরা আজো এদেশে ভূমির মালিকানা পায়নি। ভূমি উন্নয়নের নামে তাদের উচ্ছেদ করা হচ্ছে। তারা দিন দিন ভূমিহীন হয়ে পড়ছে একারণেই আদিবাসীরা আজো স্থায়ী আবাস ভূমি থেকে বঞ্চিত। আদিবাসী জনগোষ্ঠী প্রতিনিয়ত শোষণ, বঞ্চনা বৈষম্যের শিকার হচ্ছে।

আদিবাসী ভাষা নিয়ে বক্তারা বলেন, আমাদের প্রত্যহ জীবনে ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষা শুধু যোগাযোগ, শিক্ষা, বা সামাজিক মিথস্ক্রিয়ার বাহন হিসেবেই কাজ করেনা। এটি ব্যক্তির স্বকীয় পরিচয়ের অন্যতম বাহন। সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্মারক। বর্তমান বিশ্বে প্রায় ৪০ শতাংশ ভাষা বিলুপ্তির পথে। আর এর অধিকাংশই আদিবাসী ভাষা।

এসময় আদিবাসীদের পক্ষ থেকে সরকারের কাছে কিছু প্রস্তাব আকারে দাবী জানানো হয়। দাবীসমূহ হচ্ছে, সকল আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করতে তাদের মাতৃভাষায় পাঠ্যবই প্রণয়ন ও পাঠদানের জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে পৃথক ভূমি কমিশন গঠন এবং তাদের জমির মালিকানা সমস্যার কার্যকর নিষ্পত্তি করতে হবে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকুরীতে ‘উপজাতি’ কোটা পুনর্বহাল করতে হবে, দুর্গম অঞ্চলে বসবাসরত আদিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ মৌলিক সেবাসমূহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোতে পৃথক তদারকি ব্যবস্থা তৈরি করতে হবে, আদিবাসীদের শিক্ষা, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে জাতীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.