সুনামগঞ্জ প্রতিনিধি | ২৬ আগস্ট, ২০১৯
সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত মানববন্ধনে বাধা দিয়েছে ছাত্রলীগ ও পুলিশ।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় হাসপাতাল দুর্নীতি দমন ও সুচিকিৎসা নিশ্চিতকরণ কমিটির উদ্যোগে শহরের আলফাত স্কয়ারে দাঁড়ালে ছাত্রলীগের কর্মীরা এসে বাধা দেয়। ছাত্রলীগ নেতাকর্মীরা এসময় মানববন্ধনকারীদের বিরুদ্ধে স্লোগানও দেয়।
পরে জেলা আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করতে চাইলে সংরক্ষিত এলাকার কথা বলে পুলিশ সেখানেও মানববন্ধন করতে দেয়নি।
জানা যায়, সুনামগঞ্জ সদর হাসপাতালের একটি শক্তিশালী দুর্নীতিবাজ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের সেবাকে ব্যাহত করছে বলে অভিযোগ আছে। তারা জনগণের জন্য আসা বরাদ্দও নয়ছয় করে। এর প্রতিবাদে গত এক মাসে চারটি মানববন্ধন ও একটি প্রতিবাদ সভা করেছেন নাগরিকরা। তারা এসব কর্মসূচিতে হাসপাতালের তত্বাবধায়কসহ হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে বলেন, সরকারবিরোধী স্লোগান ও কর্মসূচি চালানোয় জামায়াত-বিএনপি ও ছাত্রদলের নেতৃত্বে পালিত কর্মসূচিতে ছেলেরা বাধা দিয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন্নবী বলেন, আদালত প্রাঙ্গণ সংরক্ষিত এলাকা। এ কারণে আমরা আমরা সেখানে কর্মসূচি চালাতে বারণ করেছি।