Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে তিন কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা করে নিলেন তিন ঠিকাদার

জকিগঞ্জ প্রতিনিধি |  ২৮ আগস্ট, ২০১৫

ছবি : ইন্টারনেট

জকিগঞ্জ পৌরসভার কিচেন মার্কেট নির্মাণের টেন্ডারের ৩কোটি ৪ লক্ষ টাকার কাজ ঠিকাদাররা মাঝে ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ টেন্ডারে ১৭ ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করলেও সমঝোতার মাধ্যমে মাত্র তিনটি সিডিউল জমা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক জকিগঞ্জের একজন ঠিকাদার জানান, বৃহস্পতিবার পৌরসভার এ টেন্ডার দাখিলের নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা পরে ‘নেগুসিয়েশনের’ মাধ্যমে ৩টি সিডিউল জমা দেয়া হয়।

টিন্ডারে অনিয়মের কারণে কাজের গুণগত মান দুর্বল হবে বলে মনে করছেন অনেকে। যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পাচ্ছে তারা আগেই ‘নেগোসিয়েশনের’ মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকা খরচ করে ফেলায় কাজটি অত্যন্ত নিম্নমানের হবে বলে আশঙ্কা ব্যক্ত করছেন কেউ কেউ।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভায় গিয়ে দেখা গেছে, টেন্ডার জমা দেয়ার সময় কোনো ধরনের ‘অনাকাঙ্খিত’ ঘটনা যাতে না ঘটে এর জন্য পৌরসভা চত্বরে সংশ্লিষ্ট ঠিকাদাররা অফিসের ভেতরে বাইরে অবস্থান নেন । বাইরে থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা বোঝার উপায় ছিল না।

নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একজন কাউন্সিলর সাংবাদিকদের জানান, আগেই টেন্ডার ভাগাভাগি হয়ে যাওয়ায় শুধু ‘নেগোসিয়েশনের’ টেন্ডারগুলোই বাক্সে জমা নেয়া হয়। ফলে বাইরে থেকে কেউ বোঝার উপায়ই ছিল না এখানে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হয়েছে কি না।

পৌর মেয়র আব্দুল মালেক ফারুক জানান, বিষয়টি সম্পূর্ণ তদারকি করেছেন বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা, অনিয়মের বিষয়ে তার কিছুই জানা নেই।

টেন্ডার কমিটির সদস্য উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালনকারী হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে ১৭ জন সিডিউল ক্রয় করে ৩জন তা জমা দিয়ে থাকলে অনিয়মের মধ্যে পরে।

পৌরসভার সহকারি প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালনকারী মোহাম্মদ মনির উদ্দিন আহমদ এ টেন্ডারে অনিয়মের কথা স্বীকার করে তা বাতিল করা হবে বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.