Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি |  ২৭ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে একটি পুকুরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

নিহতরা হলো জেলার বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার চাচাতো ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাদের আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয়।

মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে শিশুদের লাশ পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন। পরে তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

স্থানীয় ইউপি মেম্বার খন্দকার মনিরুজ্জামান মনু বলেন, নিহত শিশুদের বাড়িতে আশেপাশে চারদিকে পানি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুরা সোমবার সন্ধ্যায় খেলাধুলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, শিশুদের লাশ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.