Sylhet Today 24 PRINT

আদিবাসী যুবক শ্রীনন্দ হত্যার দায় স্বীকার করে রুবেলের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক |  ২৮ আগস্ট, ২০১৫

সিলেটে আদিবাসি যুবক সিএনজিচালিত অটোরিকশাচালক শ্রীনন্দ পাত্র (৩০) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তাজনীন আহমদ রুবেল। শুক্রবার সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক সাহেদুল করিমের কাছে সে শ্রীনন্দ হত্যার দায় স্বীকার করে।

তাজনীন আহমদ রুবেলকে বুধবার গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। বৃহস্পতিবার শ্রীনন্দের মরদেহ উদ্ধার করা হয়। রুবেলের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বসন্তপুরে।

এর আগে গত ২০ আগস্ট সিলেটের খাদিমপাড়ার আদিবাসী অটোচালক শ্রীনন্দ পাত্রকে সিএনজি অটোরিক্সাসহ আপহরন করে নিয়ে হত্যাকরে রুবেল ও তার সহযোগীরা। এরপর ২১ আগস্ট ফেঞ্চুগঞ্জ থেকে ছিনতাইকৃত সিএনজিসহ ঘাতক রুবেল আহমদকে আটক করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিলে ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিকভাবে স্বীকার করে সে। এর প্রেক্ষিতে আজ বিকেলে তাকে আদালতে হাজির করে পুলিশ।স্বীকারোক্তি গ্রহন শেষে তাকে শাহপরান থানা হাজতে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

বৃহস্পতিবার রাখালগঞ্জের একটি হাওর থেকে নিঁখোজের আট দিন পর শ্রীনন্দের মরদেহ উদ্ধার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.