বিশ্বনাথ প্রতিনিধি | ২৮ আগস্ট, ২০১৫
সিলেটের বিশ্বনাথে বাড়ির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত ও উভয় পক্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন।
নিহত আব্দুর রফিক (৫৫) উপজেলার দেওকলস ইউনিয়নের খাসজান (সৎপুর) গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের খাশজান (সৎপুর) গ্রামের আব্দুর রফিক ও রইছ আলী পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
এদিকে আব্দুর রফিক নিহত হওয়ার সংবাদ পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রাত ৯টার দিকে প্রতিপক্ষের নারীসহ ৩জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে রইছ আলী (৬৫), ইউনুছ আলী (৬০) ও ইউনুছ আলীর স্ত্রী নিবারুন নেছা (৪৫)।
এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়ির রাস্তার সীমানা নিয়ে নিহত আব্দুর রফিক ও ইউনুছ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার বিকেলে সীমানা নির্ধারন নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে নিহত আব্দুর রফিক পক্ষের আহতরা হলেন, খাশজান সৎপুর গ্রামের আব্দুছ সুবহানের ছেলে হেলাল আহমদ (২৫), আব্দুল খালিকের ছেলে আবুবক্কর (২১), মৃত এশারত আলীর ছেলে সায়দুল হক (৩৫) নয়া সৎপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে মালমসহ (৩০) এবং প্রতিপক্ষ গ্রেফতারকৃত রইছ আলী (৬৫), ইউনুছ আলী (৬০) ও ইউনুছ আলীর স্ত্রী নিবারুন নেছাসহ (৪৫) উভয় পক্ষে প্রায় ১৫জন আহত হন।
এব্যাপারে থানার ওসি রফিকুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পর অযিান চালিয়ে রইছ আলীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। নিহত আব্দুর রফিকের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।