Sylhet Today 24 PRINT

সোবহানীঘাটে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০১৯

সিলেট নগরীর সোবহানীঘাটে বৈদ্যুতিক পিলারবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী যুবকের নাম মোহন মিয়া (৩০)। তিনি কুলাউড়া উপজেলার রবির বাজার এলাকাস্থ আলীনগর গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। 

সিলেট কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক প্রিতম জানান- বৈদ্যুতিক পিলারবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ এবং এর চালক ও হেলপারকে আটক করেছে।

নিহত যুবকের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং আটক চালক-হেলপারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান পুলিশের এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.