সিলেটটুডে ডেস্ক | ২৯ আগস্ট, ২০১৫
সিলেটের ওসমানীনগর থেকে ২টি দেশী রিভলবাভার ও ৩ রাউন্ড বুলেটসহ একজনকে আটক করেছে র্যাব-৯। আটককৃত যুবক বেশ কিছুদিন ধরে অটোরিক্সা চালক হিসেবে ওসমানীগনর এলাকায় থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতো বলে ধারণা র্যাবের।
জানা যায়, র্যাব ৯ এর উপ-পরিচালক মেজর হুমায়ূন কাবিরের নেতৃত্বে আজ (শনিবার) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার অভিযানে নামে র্যাব।
ওসমানীনগরের কোচপুরাই জামে মসজিদের সামনে থেকে জালাল মিয়া(২৫) নামে এক ব্যাক্তিকে আটক করে তার দেহ তল্লাশি চালানো হয়। এসময় তার কাছে ২টি দেশী রিভলভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব জানায়, আটক জালালের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। সে ওসমানীনগর এলাকায় অটোরিক্সা চালক হিসেবে বিচরণ করতো। এছাড়াও ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডে জড়িত। এসব অপরাধমূলক কাজে সে আগ্নেয়াস্ত্র বাবহার করতো বলে ধারনা করা হচ্ছে।
আটক জালালের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান র্যাব ৯ এর উপ-পরিচালক মেজর হুমায়ূন কাবির।