Sylhet Today 24 PRINT

শাহী ঈদগাহে দিনে দুপুরে সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০১৯

সিলেট নগরীর শাহী ঈদগাহে দিনে দুপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ আগস্ট) পশ্চিম শাহী ঈদগাহস্থ পুষ্প হাউসে এক প্রধান শিক্ষকের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া বাসাটি এভারগ্রিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রোটারিয়ান লতিফা জাহাঙ্গীরের।

এ ঘটনায় আজ দুপুরেই প্রধান শিক্ষক লতিফা বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে  চুরির মামলা (নং-৭৮) দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রোটারিয়ান লতিফা জাহাঙ্গীর শনিবার সকাল ৮টার দিকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। পরে সকাল পৌনে নয়টা থেকে নয়টার মধ্যে লতিফার ভাই আসেন বোনের বাড়িতে। এসে তিনি ঘরের দরজা ভাঙ্গা ও ঘরের ভেতরের সকল জিনিস তছনছ অবস্থায় দেখতে পেয়ে বোনের খোঁজ করতে থাকন। পরে তিনি বাসায় তার বোনকে না পেয়ে ফোন করেন।

পরে এভারগ্রিন একাডেমির এ প্রধান শিক্ষক ফোল কল রিসিভ করে ভাইকে জানান যে, তিনি বিদ্যালয়ে আছেন। তখন তিনি তার ভাইয়ের কাছে বাসায় চুরি যাওয়ার খবর পান। সাথে সাথেই তিনি বিদ্যালয় থেকে বাসায় ফিরে আসেন। এসে তিনি দেখতে পান ঘরের প্রধান দরজা ভাঙ্গা ও তার আলমারির পাল্লা দুটোই ভাঙ্গা।

পরে তিনি আলমারিতে থাকা জিনিসপত্র খোঁজ করে দেখাতে পান আলমারিতে থাকা ৭ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি গেছে। পরে তিনি পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

রোটারিয়ান লতিফা জাহাঙ্গীর বলেন, “আমার স্বামী ও মেয়ে ঢাকায় অবস্থান করায় সকালে বাসায় তালা দিয়ে আমি আমার কর্মস্থলে যাই। সেখানে থাকা অবস্থায় আমার ভাই আমাকে ফোন করে বলেন যে, আমাদের বাসায় চুরি হয়েছে। আমি সাথে সাথে বাসায় ফিরে দেখাতে পাই আমার আলমারি ভেঙ্গে ৭ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি হয়ে গেছে।”

চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য আনুমানিক প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, চুরির ঘটনায় কয়েকজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.