Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওর থেকে আটক জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

তাহিরপুর প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরের রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরাকালে ভ্রাম্যমাণ আদালত প্রায় তিন লাখ টাকার বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ কারেন্ট এবং কোনা জাল আটক করেছে।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় জব্দ তালিকা শেষে এসব অবৈধ জাল উপজেলা সদরে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্বরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত জলমহালে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) র নেতৃত্বে হাওরের নিরাপত্তা কাজে থাকা পুলিশ, আনসার ও কমিউনিটি গার্ডদের সহযোগিতায় শনিবার দিনভর অভিযান চালিয়ে হাওর থেকে ৬টি কারেন্ট ও কোনা (বড়) জাল আটক করেন।

জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

রোববার (১ সেপ্টেম্বর) তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান পলাশ জাল আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মাদার ফিসারিজ অব টাঙ্গুয়ার হাওর মূলত হল সারা দেশের মধ্যে সবচেয়ে বৃহৎ মিঠা পানির প্রজনন জলমহাল।

তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরটি সংরক্ষিত জলাভূমি। কিন্তু কিছু কিছু মৌসুমি জেলেরা দলবেঁধে চুরি করে হাওরে মাছ ধরায় এ হাওরে লক্ষ্যমাত্রা অনুযায়ী মাছের উৎপাদন ও প্রজনন ব্যহত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.