Sylhet Today 24 PRINT

ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে হবিগঞ্জে বিজিবির টহল জোরদার

মাধবপুর প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

ফাইল ছবি

আসামের চূড়ান্ত জাতীয় নাগরিক তালিকা প্রকাশ হওয়ার পর বাদ পড়া কেউ যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ১০০ কিলোমিটার সীমান্তে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এছাড়াও সর্বোচ্চ সর্তকতা অবস্থানে রয়েছেন সীমান্তরক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহেদুর রশীদ জানান, আসামে নাগরিকদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশের পর হবিগঞ্জের সীমান্তগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

তিনি বলেন, জেলার সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসকারীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।

মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার দোলোয়ার হোসেন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। পুলিশ, আনসার ও ইউপি মেম্বারদের নিয়ে সীমান্তের গ্রামগুলোতে পাহারা বসানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলায় ধর্মঘর, হরষপুর, বড়জ্বালা, হরিণখোলা, মনতলা, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া ভারত সীমান্ত রয়েছে এবং চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা, বাল্লা, চিমটিবিল, গুইবিল ও সাতছড়িতে সীমান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.