সিলেটটুডে ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০১৯
হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রধান গেইটের সামনের সড়কে ডিভাইডার ও গেইট নির্মাণে পরিকল্পনা প্রত্যাহারের দাবী জানিয়েছে হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সমিতির নেতৃবৃন্দ এ দাবী জানান। সভায় উক্ত দাবী বাস্তবায়নের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং খুব শীঘ্রই সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
হযরত শাহজালাল (রহ.) মাজারের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার জন্য কয়েক মাস আগে সিলেট সিটি করপোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এই কাজের অংশ হিসেবে মাজারের প্রধান গেইটের সামনের সড়কে ডিভাইডার ও গেইট নির্মাণে পরিকল্পনা করা হয়।
দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলছেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে মাজারে আসা ভিআইপিদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাছাড়া রাস্তার মধ্যে পর্যটকবাহী গাড়ির তীব্র যানজটের সৃষ্টি ও মুসল্লিদের নামাজ আদায় করতেও অসুবিধা হবে। একই সাথে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে।
হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সামছুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহসভাপতি মো. লুৎফুর রহমান লিলু, সৈয়দ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, সহসাধারণ সম্পাদক মো. জেবুল হোসেন ফাহিম, অর্থ সম্পাদক সাকের আহমদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আবুল খায়ের মো. মাহবুব, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো. আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো. হেলাল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মো. মোদাব্বির হোসেন, আবুল হাসান, সৈয়দ খলিলুর রহমান কামরান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ছাদীকুর রহমান, সৈয়দ মুজিবুর রহমান, সুলতান খান, আব্দুর খালিক, মুজাহিদ হোসেন মুনিম, জুনেদ আহমদ শইকত প্রমুখ।