Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে নৌপথে চাঁদাবাজি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জামালগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল সঙ্গীয় ফোর্সসহ দুর্লভপুর নদীতে চাঁদাবাজির সময় একজনকে আটক করে।

সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আ. হাসিমের ছেলে সুজন মিয়া (২৫) কে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজ সুজন মিয়ার অপর এক সঙ্গী পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, এ পথে নৌ-পুলিশের মান্নান ঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই রুহুল আমীনের নেতৃত্বে চাঁদাবাজদের সহায়তা করছে নৌ-পুলিশ। এই নদীতে চাঁদাবাজিতে যারা জড়িত নৌ পুলিশের ছত্রছায়ায় থেকে তারা খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। চাঁদাবাজদের সাথে সরকার দলের কতিপয় দুই-একজন পাতি নেতার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

চাঁদাবাজদের গ্রেপ্তারে এলাকার অনেকেই র‌্যাবের হস্তক্ষেপ কামনা করে নদীপথে মালবাহী নৌযান চলাচলে সুগম করে দিতে অনুরোধ জানান।

উল্লেখ্য, গত দুই বছর সুনামগঞ্জের নদী পথে চাঁদাবাজি বন্ধে নৌ-শ্রমিকদের লাগাতার ৫ দিনব্যাপী নৌ-ধর্মঘটের বিষয়টি ছিল জেলার সবচেয়ে আলোচিত বিষয়। সিলেটের উপ-সহকারী পুলিশ কমিশনার চাঁদাবাজি বন্ধের কঠোর ব্যবস্থা নিতে জামালগঞ্জ থানায় এসে স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছিলেন। এরপর কিছু দিন চাঁদাবাজি বন্ধ থাকার পর ফের চালু হয়ে যায় চাঁদাবাজি।

জামালগঞ্জের মান্নানঘাট নৌ-পুলিশের ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই রুহুল আমিনকে মুঠোফোনে নদী পথে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ভাই আমার ভাবি মারা গেছে (বড় ভাইয়ের বউ) আমি আপনার সাথে সকালে দেখা করবো। এই বলে লাইন কেটে দেন।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা পরিষদ থেকে দুর্লভপুর খেয়া ঘাটের ইজারাকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেয়ার কারণে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গজারিয়া এলাকার নদী পথে চাঁদাবাজির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। বিষয়টি খতিয়ে দোষীদের ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.