Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ছাত্রলীগের কমিটি স্থগিত করায় অভিনন্দন জানিয়ে মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৫

মেয়াদোত্তীর্ণ ও বিতর্কিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের জন্য স্থগিত করায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জে মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শহরে জেলা ছাত্রলীগের ব্যানারে জেলার বিভিন্ন কলেজ পড়ুয়া ছাত্রনেতারা এই মিছিলে অংশ নেন।

তারা কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনকে সময়োপোযোগী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়ে প্রকৃত ছাত্র, নিবেদিতপ্রাণ, ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

রবিবার দুপুরে শহরের উকিলপাড়া থেকে মিছিলটি বেরিয়ে শহর প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরুর কবির আনাস, সমাজসেবা সম্পাদক হাবিব আল হাসান তপু, সহ সম্পাদক মোহাইমিনুল ইসলাম শিমুল প্রমুখ।

বক্তারা বলেন, জেলা ছাত্রলীগ সভাপতি দলীয় শৃঙ্খলার বাইরে গিয়ে বিতর্কিতভাবে সংগঠন পরিচালনা করে প্রকৃত ছাত্র ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের অবমূল্যায়ন করেছেন। দল সংগঠিত করার বদলে দলীয় পদ ব্যবহার করে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। এদের হাত থেকে যথা সময়ে জেলা ছাত্রলীগকে রক্ষা করায় নেতারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

উল্লেখ্য গত বৃহষ্পতিবার রাতে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের জন্য সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সকল সাংগঠনকি কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে এই স্থগিতাদেশকে পাশ কাটিয়ে বর্তমানে বিদেশে অবস্থানরত জেলা সভাপতি ফজলে রাব্বী স্মরণের নির্দেশে ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল সমাবেশ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.