Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিএনপিকে সংগঠিত করতে নানা উদ্যোগ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৫

‘গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার: অগ্রগতি অবহিতকরণ’ শিরোনামে রোববার সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন হয়েছে। শহরের লতিফা কমিউনিটি সেন্টারে রোবার সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক কাউন্সিল, নারী ও তরুণ নেতৃত্বের বিকাশে প্রশিক্ষণ, গণতন্ত্র ও সংস্কার বিষয়ে কর্মশালা, দলীয় সদস্যপদ নিবন্ধন ও ডেটাবেজ তৈরি বিষয়ে সংগঠনের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন।

নাছির উদ্দিন চৌধুরী আরো বলেন, জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়মতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাজনীতিকে প্রতিষ্ঠানিকরণের উদ্দেশে দলের অভ্যন্তরীণ অংশগ্রহণ ও সংস্কারকে অগ্রাধিকার দিয়ে নেতা-কর্মী পর্যায়ে নিবিড়ভাবে কাজ করছে। এক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, দলের গঠনতান্ত্রিক বিধি, নারী ও তরুণ নেতৃত্ব বিকাশ, জনমত জরিপ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক দল ব্যবস্থাপনা বিষয়ে ধারাবাহিক কর্মসূচি হাতে নিয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদীর আহমদ, পৌর বিএনপির আহবায়ক রেজাউল হক, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, জেলা মহিলা দলের আহবায়ক মদিনা বেগম, জেলা মহিলা দলের সাবেক সভাপতি লুৎফা আনোয়ার, দলের নেতা ইকবাল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.