Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে হাওরে অজ্ঞাত যুবকের গলিত লাশ

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের ওসমানীনগরে হাওর থেকে অজ্ঞাতনামা (২৫) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া হাতাইর বাড়ির পাশে মুক্তারপুর হাওর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব তিলাপাড়া মুক্তারপুর হাওরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মৃত ব্যক্তির পরনে একটি সাদা গেঞ্জি ও শর্ট প্যান্ট ছিল।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাঈন উদ্দিন অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে লাশটি কয়েক দিন আগের ও অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.