নিজস্ব প্রতিবেদক | ০৬ সেপ্টেম্বর, ২০১৯
মনের বোধ অনুভূতি থেকে সৃষ্টি হয় কবিতা। কবিকে খুব সচেতনভাবেই কবিতা লিখতে হয়। আজকাল কবিতা লিখতে গিয়ে অনেকে ছন্দে কবিতা লিখেন না। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কবিতার বেশিরভাগই ছন্দে লিখা হয়েছে। ছন্দ ছাড়া কবিতা লিখা খুবই দুরূহ কাজ। যা নতুন কবিদের দ্বারা প্রায় অসম্ভব।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তায়নে কবি সুমন বনিকের জীবনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত 'সুবর্ণে সুমন' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন দেশের বরেণ্য কবি ও লেখক মুহম্মদ নূরুল হুদা।
সুবর্ণে সুমন উদযাপন পর্ষদের আহবায়ক কবি এ কে শেরামের সভাপতিত্বে ধ্রুব গৌতম, সঞ্জয় নাথ সঞ্জু ও তাসলিমা আখতারের সঞ্চালনায় কবির মন আন্দোলিত করে না এ ধরনের কবিতা ভাল কবিতা নয় উল্লেখ করে কবিদের উদ্দেশ্যে মুহম্মদ নূরুল হুদা আরও বলেন, কবির মনের ভেতর কোন সত্য যদি না আসে তা হলে সেটা কবিতা হতে পারেনা। কবি নিজের মতো করে কল্পনায় কবিতা লেখেন। কবি তার কবিতা লিখেন সমাজ ও মানুষের উপকারের জন্য। যেই কবিতা কবির বোধ থেকে আসে সেটাই ভাল কবিতা। পৃথিবীতে এমন কোন কবি পাওয়া যাবেনা যিনি ভাল মানুষ নন। কবি হতে হলে ভাল মানুষ হতে হয়। কবিরা মানুষকে সত্যের দিকে ধাবিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ, লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, কবি ড. শেখ মেহেদী হাসান।
বক্তব্য দেন অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, কবি তুষার কর, সাংবাদিক আজিজ আহমদ সেলিম, গল্পকার জামান মাহবুব, ডা. গৌতম রায়, জোতির্ময় সিংহ মজুমদার, বিধুভূষণ ভট্টাচার্য, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, অধ্যাপক নিয়াজ উদ্দিন আনোয়ার হোসেন রনি, পরিতোষ বাবলু প্রমুখ।