Sylhet Today 24 PRINT

লালাখাল সীমান্ত থেকে ১৯টি ভারতীয় গরু আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকার বাঘছড়া তুমইর সীমান্ত থেকে বিজিবি অভিযান ১৯টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ১৩০১ আর্ন্তজাতিক পিলারের ৪এস পিলার সংলগ্ন বাঘছড়া তুমইর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের টহল টিম ১৯টি ভারতীয় গরু আটক করে।

চোরাকারবারি মাসুক, বিলাল, জালাল বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে নিয়ে আসা গরু ফেলে পালিয়ে যায়। বিজিবির টহল টিম ১৯টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, লালাখাল সীমান্তের গোয়াবাড়ী, হর্নি, বাইরাখেল, জালিয়াখলা, কালিঞ্জিবাড়ী, লালাখাল, লালাখাল চা-বাগান, আফিফা নগর চা-বাগান, জঙ্গীবিল, বাঘছড়া, তুমইর, সিঙ্গারীরপাড়, বালিদাঁড়া এবং ইয়াংরাজা দিয়ে দিন কিংবা রাতে বাংলাদেশের প্রায় দুই শতাধিক চোরাকারবারী সিন্ডিকেট চক্রের সদস্যরা অবৈধ মালামাল বাংলাদেশে নিয়ে আসছে। এ সকল সীমান্ত পথে ভারত হতে অফিসার চয়েজ, অফিসার চয়েস ব্লু, ব্ল্যাক বেরি, বিয়ার, ইয়াবা, আমদানি নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়ি, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের সিগারেট, সুপারি, মোবাইল সামগ্রী, ভারতীয় শাড়ী, গরু ও মহিষের বড় বড় চালান বাংলাদেশে নিয়ে আসছে চোরাকারবারি সিন্ডিকেট চক্রের সদস্যরা

তারা আরও জানান, সম্প্রতি লালাখাল সীমান্তে ভারতীয় বিএসএফ গুলি ছোড়ার ঘটনার পর হতে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প নাম মাত্র অভিযান পরিচালনা করে গরু আটক করলেও চোরাকারবারিরা শত শত ভারতীয় রোগাক্রান্ত গরু ও অন্যান্য পণ্যসামগ্রী বাংলাদেশে নিয়ে আসছে।

এ ব্যাপারে ১৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইদ প্রতিবেদককে জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। যার ফলে প্রায় প্রতিদিন আমাদের সদস্যরা গরু আটক করছে। অন্যান্য মালামাল আটকের চেষ্টা চলছে।

তিনি বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.