নিজস্ব প্রতিবেদক | ৩১ আগস্ট, ২০১৫
আদালতের রায়ে হেরে গেলেন শিল্পপতি রাগীব আলী। সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারের তালেবপুর গ্রামের নাম বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন আদালত। সহকারী জজ কানাইঘাট আদালতের বিচারক লায়লা মেহেরবানু আজ এই রায় দেন। রাগীব আলী নিজের নামে এই গ্রামের নাম রাগীব নগর করার চেষ্টা করছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
সূত্রে জানা যায়, কামাল বাজার ইউনিয়নের তালেবপুর গ্রাম বহুকাল ধরেই এই নামে পরিচিত। সাম্প্রতিকালে এই অঞ্চলের শিল্পপতি গ্রামের নাম নিজের নামে বদলে রাগীবনগর করার উদ্যোগ নেন। এর প্রতিবাদ করেন স্থানীয় এলাকাবাসী। নাম বদলের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচীও পালন করেন তারা।
তবু নাম পরিবর্তন ঠেকাতে না পেরে ২০০৪ সালে তালেবপুর গ্রামবাসীর পক্ষে আবু সাঈদ গং একটি মামলা দায়ের করেন। মামলায় রাগীব আলী গংকে বিবাদি করা হয়।
একাদিক আদালত ঘুরে, দীর্ঘ শুনানী শেষে আজ মামলাটির রায় দেন আদালত। রায়ে গ্রামের নাম তালিবপুর বহাল রাখার ডিক্রি জারি করা হয় বলে জানান বাদি পক্ষের আইনজীবী নিহার রঞ্জন পুরকায়স্থ। বাদী পক্ষের আইনজীবী হিসেবে এডভোকেট নিহার রঞ্জনের সাথে ছিলেন এডভোকেট উজ্জ্বল রায়।
বিবাদিপক্ষের আইনজীবী শফিকুর রহমান।