Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে রিকশা শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ৩১ আগস্ট, ২০১৫

সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবি জানিয়েছে রিকশা শ্রমিক সংঘ। গতকাল সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্টিত রিকশা শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সভায় এই দাবি জানানো হয়।

শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষ মীর মোঃ জসিমউদ্দিন ও হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস সুমন।

সভায় বক্তারা বলেন পেঁয়াজ, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির এই সময়ে সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি শহরবাসী শ্রমজীবী জনগণের জীবন আরও দুর্বিষহ করে তুলবে। উপরন্তু বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম রেকর্ড পরিমান নিচে নেমে আসার এই সময়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি কোনভাবেই মেনে নেওয়া যায় না, বরং এই সময়ে জ্বালানী তেল ও বিদ্যুতের মূল্য কমানো উচিৎ।

রিকশা শ্রমিক সংঘের জেলা সাধারণ সম্পাদক মোঃ দুলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন রিকশা শ্রমিকনেতা মোঃ জসিমউদ্দিন, বিষ্ণু মোহান্ত, মিলন ইসলাম, আমিনুল ইসলাম, জমসেদ মিয়া, মোঃ মানজুরুল ইসলাম, সাদেকুল ইসলাম, মোঃ সিকদার হোসেন, মোঃ এরশাদ মিয়া, মোস্তফা মিয়া প্রমূখ।

সভা থেকে রিকশা শ্রমিকদের জন্য ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, রেশনিং চালু, নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড স্থাপন, শাহমোস্তফা রোড ও কোর্ট রোডের সংযোগস্থলে গোল চত্ত্বর নির্মাণ এবং শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম শ্রম-পরিচালকের কার্যালয় স্থাপনের দাবি জানানো হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.