Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সাংবাদিক জুনাইদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত সাংবাদিক জুনাইদ আহমদ হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাছিম রেজার আদালত।

দণ্ড প্রাপ্তরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের বাদশা মিয়া, রাহুল মিয়া ও ফরিদ উদ্দিন। এর মাঝে ফরিদ উদ্দিন লন্ডনে পলাতক রয়েছেন। মামলার অপর আসামী আব্দুল হামিদ বিচার চলাকালে মারা যান। রায় ঘোষণাকালে অপর দুই দণ্ডিত আসামী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জুলাই সাংবাদিক জুনাইদ আহমদ নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে জেলা সদরে যান। ওই রাতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশের আলামত নষ্ট করার জন্য শায়েস্তাগঞ্জ রেল লাইনে ফেলে রাখে। পরদিন ১১ জুলাই সকালে সাংবাদিক জুনাইদ আহমদের খন্ড বিখন্ড মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

এ ঘটনায় জুনাইদের ভাই মোজাহিদ আহমদ বাদী হয়ে আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৪ জনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক। তিনি রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.