নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০১৯
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে সিলেট বিভাগীয় মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশের জন্য সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে ৫০ফুট-২০ফুট মঞ্চ তৈরি করা শুরু হয় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে । কিন্তু বিকালেই এই মঞ্চের আকার ছোট হয়ে দাঁড়ায় ১০ফুট-২০ফুট। সিলেট বিএনপির দায়িত্বশীল নেতাদের অভিযোগ সিলেট কোতোয়ালী থানা পুলিশ মঞ্চ ছোট করা নির্দেশ দিয়েছে। তাই বাধ্য হয়ে মঞ্চ ছোট করতে হয়েছে।
সরজমিনে দেখা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থেকে মঞ্চ ছোট করার জন্য তাড়া দিচ্ছেন ডেকোরের্টাসের কর্মীদের। এসময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
বিএনপির কয়েকজন নেতা জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকালের সিলেট বিভাগীয় মহা সমাবেশের জন্য সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টারি মাঠে ৫০ফুট-২০ফুট মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চ তৈরির অর্ধেক কাজ শেষ হবার পরে দুপুর ১টার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা এসে মঞ্চ ছোট করার কথা বলে চলে যান। বিকেলে বেশ কিছু পুলিশ সদস্য রেজিস্টারি মাটে প্রবেশ করে মঞ্চ কারিগরদের কাজ বন্ধ করে দেন। এক পর্যায়ে জোরপূর্বক কারিগরদের দিয়ে মঞ্চ ছোট করে ১০ফুট-২০ফুট করে দেন।
এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক লোকমান আহমদ বলেন, সমাবেশের জন্য আমার কোতোয়ালী থানায় অবগত করেছি। আজ আমরা সমাবেশের মঞ্চ তৈরি করছিলাম। কিন্তু পুলিশ সদস্যরা এসে মঞ্চ ছোট করার জন্য প্রেশার দিতে থাকেন। তাই বাধ্য হয়ে মঞ্চ ছোট করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিঞা বলেন, বিএনপিকে তো সমাবেশেরই অনুমতি দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে মঞ্চ ছোট করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। আমি শুধুমাত্র দুপুরে গিয়ে সমাবেশ স্থল পরিদর্শন করে এসেছি।