Sylhet Today 24 PRINT

বিএনপির মঞ্চ ‘খুলে নিয়েছে’ পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সব প্রস্তুতি চুড়ান্ত করার পরও পুলিশের আপত্তিতে সিলেট রেজিস্টারি মাঠে হহচ্ছে না বিএনপির বিভাগিয় মহাসমাবেশ। সোমবার রাতে মহাসমাবেশস্থলে নির্মিত মঞ্চ সরিয়ে নেওয়া হয। খুলেও ফেলা হয় ব্যানারও।

বিএনপির দাবি, পুলিশ অন্যায়ভাবে সমাবেশের মঞ্চ-ব্যানার খুলে নিয়েছে। তবে পুলিশের দাবি, খোলা মাঠে সমাবেশ করতে অনুমতির প্রঅযোজন হলেও বিএনপি কোনো অনুমতি নেয়নি। তাই রেজিস্টারি মাঠ থেকে তাদের মঞ্চসহ সমাবেশের সব সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে এ সমাবেশ শুরু হওয়ার কথা। এতে প্রধান অতিথি হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার কথা।

মহাসমাবেশ উপলক্ষ্যে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন, সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করলেও তারা কোনো সাড়া দিচ্ছে না। পুলিশ কমিশনারের সাথে দেখা করারও সুযোগ মিলছে না। তবে পুলিশ সহযোগিতা না করলেও মহাসমাবেশ হবে বলেও সেসময় জানিয়েছিলেন নেতারা।

সোমবার রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা সমাবেশ আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি শেষ করে রেখেছিলাম। কিন্তু রাতে পুলিশ এসে আমাদের স্টেজ ব্যানার সব খুলে নেয়।

তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে শেষ মূহুর্তে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। তারা জানিয়েছেন, খোলা জায়গায় আমরা সমাবেশ করতে পারবো না।

অন্য কোথাও সমাবেশ করা হবে কি না এ ব্যাপারে নাসিম বলেন, আমরা সবাই বসে এ সিদ্ধান্ত নেবো।

এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, বিএনপি সমাবেশ করার জন্য অনুমতি নেয়নি। তাই রেজিস্টারি মাঠ থেকে তাদের মঞ্চসহ সব সরঞ্জাম সরিয়ে নিতে বলেছি। তারা নিজেরাই এগুলো সরিয়ে নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.