Sylhet Today 24 PRINT

সিলেটে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আলোর মিছিল

মুনির-তপন-জুয়েল স্মরণ

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

জামায়াত শিবিরের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া প্রগতিশীর রাজনৈতিক কর্মী মুনির তপন জুয়েল স্মরণে নগরীতে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চা এই আলোর মিছিলের আয়োজন করে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৮ সালে সিলেটে প্রকাশ্যে রাজপথে প্রগতিশীল রাজনৈতিক কর্মী মুনির ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েলকে হত্যার মাধ্যমে সিলেটে জামায়াত-শিবিরের সন্ত্রাসী রাজনীতির উত্থান ঘটে। কিন্তু দুঃখজনকভাবে আজো এই নৃশংস হত্যাকান্ডের সাথে সম্পৃক্তদের শাস্তি নিশ্চিত করা যায়নি। এই হত্যাকারীদের শাস্তি না হওয়ায়ই পরবর্তীতে সিলেটে একের পর এক খুনের রাজনীতি চালিয়ে যায় জামায়াত-শিবির।

বক্তারা পুনঃ তদন্তের মাধ্যমে এই হত্যাকান্ডের পুণঃবিচার, প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানানো হয়।

আলোর মিছিলের শুরুতে মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সাংস্কৃতিক মোর্চার আহ্বায়ক মিশফাক আহমদ মিশু এবং সেইসময়ের ছাত্রনেতা ও জাসদ নেতা এডভোকেট জাকির হোসেন। মিছিল শেষে উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন দেবাশীষ দেবু।

আলোর মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন সাংবাদিক আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনির, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় শী শেখর, জাসদ নেতা কিবরিয়া চৌধুরী ও গিয়াস আহমদ, বাসদ নেতা আবু জাফর ও প্রণবজ্যোতি পাল,  গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন, সম্মিলিত নাট্য পরিষদর সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, কবি প্রণব কান্তি দে, সমাজকর্মী ফারমিস আক্তার, সাংবাদিক মইনউদ্দিন মঞ্জু, পরিবেশ কর্মী আশরাফুল কবির, নাট্যকর্মী ইন্দ্রাণী সেন সম্পা, সুপ্রিয় দেব শান্ত, সংস্কৃতিকর্মী আয়েশা রুনা, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, সংস্কৃতিকর্মী রোমন আহমদ, চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন, ছাত্র ইউনিয়ন সিলেটের সাধারণ সম্পাদক নাবিল এইচ প্রমুখ।

এছাড়াও সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং মনির-ই কিবরিয়া ও তপন জ্যোতি দে’র পরিবারের সদস্যরা আলোর মিছিলে অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.