Sylhet Today 24 PRINT

দিরাইয়ে হাওরে নৌকাডুবি, ৬ জন নিহতের খবর

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ের হাওরে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহি একটি নৌকাডুবে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮/১০জন যাত্রী। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দিরাইয়ের কালিয়াগোটা হাওরের খাধরা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে প্রায় ২৫ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা রওয়ানা দেয়। নৌকাটি কালিয়াগোটা হাওরে পৌঁছামাত্র প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে যাত্রীসহ পানিতে তলিয়ে যায় নৌকাটি।

এই বিলের মৎস্যজীবী লিটন সামন্ত ঘটনাস্থল থেকে বলেন, নৌকাডুবির পর ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৮/১০ জন নিখোঁজ রয়েছেন।

তবে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব রাত ৯টায় বলেন, আমরা এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। তবে দুর্গম এলাকা হওয়ায় ও খাবার খারাপ থাকায় ঘটনাস্থলে পৌছতে দেরী হচ্ছে।

আর সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতউল্লাহ জানিয়েছেন এ পর্যন্ত ৪ জন মৃত্যুর খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.