Sylhet Today 24 PRINT

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নৌকাডুবি: ৯ জনের লাশ উদ্ধার

দিরাইয়ের হাওরে ঝড়ের কারণে ডুবে যায় নৌকাটি

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় চার শিশুসহ এখন পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে নৌকাডুবির পরপরই চার শিশুর লাশ উদ্ধার করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার উদ্ধার চার শিশুর মধ্যে দুজনের নাম পাওয়া যায়। তারা হলো–উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২) ও বদরুল মিয়ার ছেলে আবির (৩)। বাকি দুজনের নাম পাওয়া না গেলেও জানা গেছে একজন নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে ও অন্যজন পেরুয়া গ্রামের ফিরুজের ছেলে।

তবে বুধবার ভোরে উদ্ধার লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে আটটার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠা আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় চার শিশুসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুই জন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.