Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে পল্লী বিদ্যুতের গণশুনানি

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর কলেজে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জনসচেতনতামূলক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সালুটিকর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাকির উদ্দিনের সভাপতিত্বে ও এজিএম এমএস মোসা রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) আবু হানিফ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বর্তমান সরকারের অঙ্গীকার। সারা দেশে বিদ্যুতায়নে সরকারের গৃহীত কর্মসূচি সফলতার সাথে এগোচ্ছে। গোয়াইনঘাটেও শতভাগ বিদ্যুতায়নের খুব কাছাকাছি চলে এসেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২।

গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুৎ পরিসেবায়, নতুন সংযোগ প্রদানকালে কোনও অনিয়ম বা দুর্নীতি হলে তাকে অবহিত করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবহারে আরও সচেতন হতে হবে। বিদ্যুৎ লাইনে কোন প্রকার গাছপালা পড়ে থাকলে সাথে সাথে বিদ্যুৎকর্মীদের খবর দিয়ে তা অপসারণ করে তা স্বাভাবিক করতে হবে।

গণশুনানি ও মতবিনিময় সভায় বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সালুটিকর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য শ্যামলেন্দু পাল শ্যামল, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, সালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.