Sylhet Today 24 PRINT

জিন্দাবাজার সড়কে গাড়ি রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

নগরীর জিদাবাজারের প্রধান সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ট্রাফিক আইনে মামলা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে জিন্দাবাজারের সহির প্লাজার সামনে ঢাকা মেট্রো খ ১২-১০১৭ নাম্বার গাড়ির বিরুদ্ধে এ মামলা করা হয়।

গাড়িটির মালিক সিলেটের বটেশ্বর এলাকার আব্দুস সাত্তারের পুত্র জাহাঙ্গীর আলম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়ম যারা অমান্য করে নগরীর সহির প্লাজার সামনে মূল সড়কে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দীর্ঘ দুই ঘণ্টা কিয়া পিকানটো এক্স ২০০৬ মডেলের একটি গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এসময় এ সড়ক দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় যানজট লেগে থাকে।

পরে এলাকার ব্যবসায়ী ও পথচারীরা এসএমপির ট্রাফিক বিভাগে যোগাযোগ করলে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নিখিল জীবন চাকমার নেতৃত্বে একদল পুলিশ এসে গাড়িটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এসময় তারা ইনস্যুরেন্সের মেয়াদ উত্তীর্ণ, মালিকানা বদল, ড্রাইভিং লাইসেন্স ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মামলা দায়ের করে এবং গাড়ির ফিটনেস সার্টিফিকেট ও  মেয়াদ উত্তীর্ণ ইনস্যুরেন্সের কাগজ জব্দ করা হয়।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) নিখিল জীবন চাকমা জানান, সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ঢাকা মেট্রো খ ১২-১০১৭ নাম্বার গাড়ির বিরুদ্ধে  ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় মামলা প্রদান করে গাড়ির দলিলাদি জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.