বড়লেখা প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর, ২০১৯
হাই কোর্টের প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা তবারক হোসেইন বলেছেন, ‘জীবনে যারা সফল হয়েছেন কেউ তাদের সফল বানিয়ে দেয়নি। সংগ্রাম করে জীবন যুদ্ধে তারা জয়ী হয়েছেন। প্রত্যেকটি সফল মানুষ তাদের স্বপ্নের পেছনে কঠোর শ্রম দিয়ে এই সফলতা পেয়েছেন।’
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আইনজীবী তবারক হোসেইন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ভালো ফলাফলে উৎসাহিত করতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন।
তবারক হোসেইন আরো বলেন, ‘ভালো ফলাফল এবং সফল মানুষ হওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে স্বপ্ন দেখতে হবে। মনস্থির করতে হবে। ভয়কে জয় করতে হবে। স্বপ্নটাকে একটু একটু করে বাস্তবে রূপ দেওয়ার কাজ চালিয়ে যেতে হবে। স্বপ্নটাকে নিয়ে অঙ্গীকার থাকতে হবে। সেটা পূরণের প্রতিশ্রুতি নিজেকেই দিতে হবে। তবেই স্বপ্ন পূরণ হবে।’
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, অধ্যক্ষ মো. আব্দুল বাছিত, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাদেক, জ্যেষ্ঠ শিক্ষক নুরুল ইসলাম, আতিকুল ইসলাম, ফারুক উদ্দিন প্রমুখ।