নিজস্ব প্রতিবেদক | ২৭ সেপ্টেম্বর, ২০১৯
সিলেটে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সিলেটে আওয়ামী লীগ আয়োজিত এক আ.ন.ম শফিকুল হকের শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিলেটের আওয়ামী লীগ নেতাদের কোন্দল মেটানোর নির্দেশ দেন।
ওবায়দুল কাদের বলেন, দলের মধ্যে কোন্দল মেটাতে না পারলে কাঙ্খিত ফল পাওয়া যাবে না। দলের কোন্দল মিটিয়ে দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করতে হবে।
গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের পর সিলেটে আওয়ামী লীগ নেতাদের মধ্যে দ্বন্দ্ব-কোন্দলের বিষয়টি সামনে আসে। সে নির্বাচনে পরাজিত হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। দলের কিছু নেতাদের অসহযোগিতায় বিজয় বঞ্চিত হয়েছন বলে সে সময় কেন্দ্রের কাছে অভিযোগ করেন কামরান। এ প্রেক্ষিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ ৫ নেতাকে শো্কজ করে কেন্দ্রীয় কমিটি।
এরপর সিলেট সফরে এসে ওবায়দুল কাদের সিলেট জেলা ও মহানগর কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের কথাও বলেছেন। তবে অদ্যাবদি নতুন কমিটি হয়নি।
গত উপজেলা পরিষদ নির্বাচনেও সিলেটে আওয়ামী লীগের আভ্যন্তরিন কোন্দল প্রকাশ্যে রূপ নেয়। সিলেট বিভাগের বেশিরভাগ উপজেলায়ই চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী অংশ নেন। এ কারণে সিলেটে দলের ১৮ নেতাকে ইতোমধ্যে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।
সাংগঠনিক এই নাজুক অবস্থা নিয়ে বৃহস্পতিবারের শোকসভায় ক্ষোভ প্রকাশ করেন কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের মধ্যে শুদ্ধি অভিযান চলছে। শেখ হাসিনার এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল না হচ্ছে ততদিন পর্যন্ত অভিযান চলবে।
দলের জাতীয় কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে এই শোকসভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
সিলেট নগরীর কাজী নজরুল অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় সদস্য রফিকুর রহমান।
শোকসভায় আরও বক্তব্য দেন সাংসদ দেওয়ান শাহ নেওয়াজ গাজী, মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, মাসুক উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল খালিক, সিরাজুল ইসলাম, রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, মো. জাকির হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, নাসির উদ্দিন খান, জেলা সাংগঠনিক এড. শাহ্ মোশাহিদ আলী, মো আলী দুলাল, মহানগর সাংগঠনিক শফিউল আলম নাদেল, এটিএম হাসান জেবুল, নুরুল ইসলাম পুতুল প্রমুখ।