নিজস্ব প্রতিবেদক | ০৩ সেপ্টেম্বর, ২০১৫
যানজট মুক্ত নগরী গড়ে তোলার লক্ষ্যে উদ্বোধন করা হলো সিলেটের প্রথম ফুটওভারব্রিজ। আজ(বৃহস্পতিবার) দুপুরে নগরীর ‘বন্দর বাজার ফুটওভারব্রীজ’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামূল হাবিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে অর্থমন্ত্রী সবাইকে ফুটওভারব্রীজ ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করেন। যানজট মুক্ত নগরী গড়ে তুলতে সরকার অরোও উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নিয়েছে বলেও জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের তত্বাবধানে ২ কোটি টাকা ব্যয়ে নগরীতে প্রথমবারের মতো বন্দরবাজার ফুটওভারব্রিজটি নির্মান করা হয়। এই ফুটওভারব্রীজের ছয়টি শাখাপথ কোর্ট পয়েন্ট, বন্দর বাজার ও মধুবন মার্কেটে মিলিত হয়েছে।
কোর্টপয়েন্ট এলাকার পথচারীরা এটি ব্যবহার করলে তীব্র যানজট অনেকটাই কমবে বলে জানিয়েছেন সিটি কর্মকর্তারা।