Sylhet Today 24 PRINT

দুই ঘণ্টা বসিয়ে রেখেও আসেননি সচিব, কৃষকদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমায় শনিবার দুপুরে কৃষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো।

কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সভাস্থলে আসেননি সচিবসহ কৃষি অধিদপ্তরের কোনো কর্মকর্তা।

প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বিমল চন্দ্র সোম, গোলাপগঞ্জের কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, বিয়ানীবাজারের কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, দক্ষিণ সুরমার কৃষি কর্মকর্তা শামিমা আক্তার সভাস্থলে গিয়ে হাজির হন। এতে মতবিনিময় সভায় হাজির হওয়া কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেন। কর্মকর্তাদের কারণে সরকারের আন্তরিকতা সত্ত্বেও কৃষির কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মন্তব্য করেন তারা।

ক্ষোভের মুখে মতবিনিময় সভার ব্যানার খুলে নিয়ে কৃষকদের সাথে কথা বলেন উপস্থিত কৃষি কর্মকর্তারা।

দক্ষিণ সুরমার খালোরমুখ এলাকায় "আমার পৃথিবী" কৃষি প্রকল্প আয়োজিত এ মতবিনিময় সভায় হাজির হওয়া অর্ধশতাধিক কৃষক জানান, ৩টায় সভা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু ৫টা পর্যন্ত কৃষি অধিদপ্তরের কোনো কর্মকর্তারাই সেখানে আসেননি। দীর্ঘদিন কৃষকরা সেখানে বসে থাকেন। বিলম্বের বিষয়টি কৃষি অধিদপ্তরের কোনো কর্মকর্তা কৃষকদের অবহিতও করেননি।

মতবিনিময় সভায় উপস্থিত হওয়া জাতীয় পর্যায়ে পুরস্কৃত কৃষক আব্দুল বাসিত সেলিম, আব্দুল আহাদ শাহিন ও সাইদুর রহমান বলেন, কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের ডেকে এনে দীর্ঘক্ষণ বসিয়ে রেখেছেন। শেষপর্যন্ত সচিবও আসেননি। এতে আমরা অপমানিত বোধ করছি।

তারা বলেন, সরকারের কৃষি উন্নয়নে সদিচ্ছা থাকলেও কর্মকর্তারা কৃষকদের মূল্যায়ন করেন না, তার প্রমাণ আজকের এই অনুষ্ঠানে কৃষকদের বসিয়ে রেখে সচিব শেষ পর্যন্ত আসেননি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত উপ পরিচালক বিমল চন্দ্র সোম জানান, জরুরী প্রয়োজনে সচিবকে ঢাকায় ফিরতে হয়েছে। তাই তিনি আসেননি। সচিবকে বিদায় জানাতে যাওয়ায় আমারও এখানে আসতে কিছুটা দেরী হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.